এক রাতে রাজধানীতে পাঁচ বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ
রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত ১টা পর্যন্ত পল্লবী, মহাখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায় পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে রাজধানীর অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। এ সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ। পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এরপর রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। দুর্বৃত্তরা পেছন দিক থেকে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশের বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রী সেজে দুই ব্যক্তি বাসটিতে উঠে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এরপর রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি চলন্ত অবস্থায় ছিল। এ সময় বাসে যাত্রী থাকলেও তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। কেউ হতাহত হননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাত ১১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনেও রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি মিরপুরের চিড়িয়াখানা রোডেও একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
এর বাইরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন দেওয়া বাসটি ডিএনসিসির স্টাফ বাস ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাসে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত মোহাম্মদপুর, যাত্রাবাড়ীসহ ছয়টি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া মোহাম্মদপুরের শিয়া মসজিদ-সংলগ্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে ককটেল ছুড়ে দ্রুত সেখান থেকে চলে যায়।
এরপর রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেটে এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়-সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এদিকে শ্যামলী এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদপুর থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন ছাত্রলীগ নেতাও রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিক্ষেপ করা দুটি ককটেলই বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন এলাকায় ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্যে আরও বলা হয়েছে, এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাও ককটেল হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।