গাইবান্ধায় নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি-দপ্তর সম্পাদক গ্রেপ্তার
গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও দপ্তর সম্পাদক মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু বকর সিদ্দিক গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। অন্যদিকে, মাসুদ রানা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরে নিজ বাড়ির পশ্চিম পাশে ছোট ভাই আব্দুল হামিদের তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণের জন্য তাদের জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, 'পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা সভাপতি ও দপ্তর সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থাকা মামলা ও অভিযোগ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
তিনি আরও জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরে সভাপতির ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।'
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।