১৬ নভেম্বর ২০২৬, ২১:২৪

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা কাজী আজহারুল ইসলাম মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ  © সংগৃহীত

ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তার আপন ছোট ভাই কাজী রওনকুল বাশার শ্রাবণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তার বাবার নাম কাজী রফিকুল ইসলাম। গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। সোমবার দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে কী মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।