১৬ নভেম্বর ২০২৬, ১৫:১৭

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০টি টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২

মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাখি ও গ্রেপ্তার দুজন  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য এবং শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাখিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।
  
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সরকারি শুল্ক, নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ ভঙ্গ করে কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে টিয়াপাখিগুলো দেশে নিয়ে এসেছিলেন। উদ্ধারকৃত টিয়াগুলোর আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

আরও পড়ুন: পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের চিন্তা
 
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনাপাহাড়ের ওমেরা এলপিজির সামনে অভিযান চালিয়ে ৮০টি টিয়া পাখি উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা করা হয় এবং পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।