১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫

স্বেচ্ছাসেবক দলের নেতাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

এলাকাবাসীর সড়ক অবরোধ ইনসেটে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা  © সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে (৩১) গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সুরুজ জামান ওই এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই বাবুল মিয়া একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় মুজিব মার্কেট থেকে ছোট মেয়েকে নিয়ে জুতা কিনে বাড়ি ফিরছিলেন সুরুজ জামান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সময় সুরুজ জামানের সঙ্গে তার সাত বছর বয়সী মেয়ে ছিল। মেয়ের সামনেই তাকে হত্যা করা হয়। তবে এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে, সুরুজ জামান হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত মেহেদী হাসান বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহাঙ্গীর আলম এ হত্যাকাণ্ডে জড়িত।

নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার রাতেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পুলিশ জানায়, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পুলিশ মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, সুরুজ জামানের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।