১৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৮

ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভাইজার, দুই যাত্রীর মৃত্যু

স্থানীয়দের সহযোগিতায় বাস আটক  © সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে তর্কের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। এতে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচ তারাগঞ্জের জিগাতলা এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে তর্কের জেরে বাসের ভেতরে থাকা তিনজনকে ধাক্কা দেন সুপারভাইজার। এতে তারা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অপর একজন আহত হন।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। তাদের মধ্যে শাকিবের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

বাসের যাত্রী আতিক ইসলাম জানান, তার কাছে টাকা থাকায় তাকে বাস থেকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার তাকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব তাকে রক্ষা করতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে তাদের ফেলে দেওয়া হয়।

তিনি আরও জানান, পরে চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পান এবং স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাকেও ফেলে দেওয়া হতো বলে দাবি করেন তিনি।

নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে মুকুল ও শাকিবকে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত ব্যক্তিদের তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই শামীমের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারাগঞ্জ ফায়ার স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা তাপস রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “জিগাতলায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে দুজনকে মৃত অবস্থায় পাই। আহত একজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।