ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরে ইয়াবা সেবনের সময় পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তাদের তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী এলাকার আবাসনে দেলোয়ার হোসেন দিলুর একটি ঘরে চারজন ইয়াবা সেবন করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরীকে বিষয়টি জানানো হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী ঘটনাস্থলে গিয়ে আটক চারজনকে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’