ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
ফরিদপুরে পৃথক অভিযানে ১৬০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ছাড়া অন্য একটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় উইনসেরেক্স ও স্কাফ সিরাপের আরও ৫০ বোতল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।
এসআরবি-১০-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে বরিশাল-ঢাকা মহাসড়কে অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৮৮ বোতল উইনসেরেক্স সিরাপসহ বাসটির চালক আবু বক্কার সিদ্দিককে (৩৬) আটক করা হয়। তাঁর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাজারগ্রামে। তাঁর কাছ থেকে একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে।
একই দিন ফরিদপুরের কোতোয়ালি থানার হাবেলী গোপালপুরে রেলস্টেশন-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭২ বোতল উইনসেরেক্স সিরাপসহ ইসমাইল হোসেন বাদলকে (৫৫) আটক করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। ইসমাইলের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পুরাতন তেতুলিয়া গ্রামে।
এ ছাড়া কোতোয়ালি থানার পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় মুরলদহ স্কুল থেকে গঙ্গাবর্দী বেলি রোডগামী পাকা সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় উইনসেরেক্স ও স্কাফ সিরাপের ৫০ বোতল উদ্ধার করা হয়। এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এসআরবি-১০-এর দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে উইনসেরেক্স ও স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।