১৩ নভেম্বর ২০২৬, ২০:০৫

‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে হুমকি

ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস নুরী।  © টিডিসি সম্পাদিত ও সংগৃহীত

‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’—মুঠোফোনে এভাবে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে চট্টগ্রামের রাউজানে। ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস নুরীর কাছে চাঁদা দাবি করে ১৫ মিনিটের মধ্যে নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলা হয়। এ ঘটনায় তিনি রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মাওলানা ইলিয়াস নুরী রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রামের রাউজান আসনে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

থানায় দেওয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী উল্লেখ করেন, গত বৃহস্পতিবার দুপুরে একটি মুঠোফোন নম্বর থেকে তাকে কল করা হয়। ফোনের অপর প্রান্তের ব্যক্তি স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে তার কাছে চাঁদা দাবি করেন। একই সঙ্গে ১৫ মিনিটের মধ্যে একটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেন। অন্যথায় তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, প্রথমবার ফোন করার প্রায় ১০ মিনিট পর একই নম্বর থেকে আবার কল আসে। তখন হুমকিদাতা জানতে চান, তিনি চাঁদার টাকা পাঠিয়েছেন কি না। দ্রুত টাকা পাঠানোর তাগিদ দিয়ে ওই ব্যক্তি বলেন, তাকে বাঁচানোর জন্য আবার ফোন করা হয়েছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে। অন্যদের হত্যার প্রসঙ্গ টেনে তাকেও গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ঘটনার বিষয়ে ইলিয়াস নুরী জানান, প্রথমবার ফোন করার সময় তিনি মসজিদে ছিলেন। ফোনে চাঁদা দাবি করা হলেও নির্দিষ্ট করে টাকার পরিমাণ জানানো হয়নি। হুমকিদাতা নিজের পরিচয়ও প্রকাশ করেননি। বরং স্থানীয় একজন সন্ত্রাসীর নাম ব্যবহার করে একটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলেন।

ইলিয়াস নুরী বলেন, ‘আমাকে বলেছে, পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব। কসম কেটে বলেছে, চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে। আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।