ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্রেপ্তার ২
চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) পক্ষে বক্তব্য দেওয়ার পর নৃশংস হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগের সমর্থক দেলোয়ার হোসেন প্রকাশ বগা (৩৯)। বাড়ির সামনে থেকে তুলে নিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত ও মারধর করা হয়। ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে একই বছরের ২৫ নভেম্বর হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় করা হত্যা মামলার চার্জশিটভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, হত্যা মামলা গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের নিকট সোপর্দ করা হবে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার চার্জশিটভুক্ত ২ নম্বর আসামি ও চরতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আসহাব উদ্দিন চৌধুরীর ছেলে নবাব চৌধুরী (৩০) এবং ১০ নম্বর আসামি ৭ নম্বর ওয়ার্ডের মো. মোরশেদুল আলমের ছেলে মো. আরাফাত (২৮)।
নিহত দেলোয়ার হোসেন চরতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরতী আলীচান পাড়ার মৃত আহমদ হোসেনের ছেলে। পেশায় তিনি মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
মামলার তথ্য ও পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন দেলোয়ার। এ সময় ১০ থেকে ১২ জন মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে তাকে একটি অটোরিকশায় তুলে পার্শ্ববর্তী আমিলাইষ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝের মসজিদ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবারও ছুরিকাঘাত ও মারধর করা হয়। একপর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে হামলাকারীরা কাঞ্চনা ইউনিয়নের দিকে পালিয়ে যায়। হামলার সময় কয়েকটি অটোরিকশা নিয়ে আরও ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সড়কে অবস্থান করছিল বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় বাসিন্দারা দেলোয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। ১৯ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে নগরীর বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ২১ নভেম্বর আবারও চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর বিকেলে তার মৃত্যু হয়।
হামলার পর দেলোয়ারের বড় ছেলে সাইমন জানিয়েছিলেন, তার বাবার বুকে চারটি এবং উরু ও পায়ের গোড়ালিতে ১০ থেকে ১২টি ছুরিকাঘাত করা হয়েছিল। এ ছাড়া ঘাড়ের রগ ও নাক কেটে দেওয়া হয়। চোখও নষ্ট করার চেষ্টা করা হয়েছিল।
নিহত দেলোয়ারের ছেলে সাইমন বৃহস্পতিবার রাতে বলেন, হামলার দুই দিন পর আমরা থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু তৎকালীন ওসি মোস্তফা কামাল খান মামলা নেননি। অনেক চেষ্টা-তদবিরের পর আমার মা ইয়াছমিন আকতার বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। প্রায় ১০ মাস তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে মৃত্যুর আগে দেলোয়ারকে ফেসবুক লাইভে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতে দেখা যায়। ওই ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের প্রশংসা করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর তাদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করে দেলোয়ারকে বলতে শোনা যায়, আমাদের নেতা ইনশাল্লাহ চলে আসতেছে, ঢুকে গেছে। আপনারা নেতা-কেতা যেগুলো আছেন, তারা প্রস্তুত হয়ে যান। আমাদের নেত্রী ইনশাল্লাহ আসবেই, আসবে। আমাদের সঙ্গে করা হয়রানির ঘটনা মনে রাখব।+