‘কিং সাইকো’ গ্রুপের লিডার বিশাল গ্রেপ্তার
জামালপুর শহরে কিশোর গ্যাংয়ের অন্যতম গ্রুপ ‘কিং সাইকো’র লিডার বিশালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে শহরের ফৌজদারি মোড়ের বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার বিশাল জামালপুর পৌরসভার পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মো. ডালিমের ছেলে। জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশাল ‘কিং সাইকো’ নামে পরিচিত কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে গ্রুপটির সদস্যদের বিরুদ্ধে শহরের বিভিন্ন এলাকায় বেপরোয়া চলাফেরা ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ করে আসছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, গ্রুপটির সদস্যরা দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। পাশাপাশি অস্ত্র হাতে ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। তাদের এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক তৈরি হচ্ছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘বিশালকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’