১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বিএনপির নেতা জাকির হোসেন  © সংগৃহীত

খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাগেরহাট জেলার ফকিরহাটের দিক থেকে হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তারা হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে একজন দোকানের ভেতরে প্রবেশ করে। পরে ওই ব্যক্তি জাকির হোসেনের মাথায় গুলি করে। এরপর তারা মোটরসাইকেলযোগে ফকিরহাটের দিকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন জাকির হোসেনকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সন্ত্রাসীরা তার মাথা লক্ষ্য করে গুলি করে। গুলির পর তারা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ইট-বালু ব্যবসায়ী ছিলেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সংবাদ পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।