রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও একের পর এক ককটেল বিস্ফোরণে পাঁচজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ সংঘর্ষ চলে। বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন।
স্থানীয়দের অভিযোগ, ককটেল বিস্ফোরণের বিকট শব্দে বৃহস্পতিবার সকালে ঘুম ভাঙে মোল্লাকান্দি এলাকার বাসিন্দাদের। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়াকে ঘিরে মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আওলাদ মোল্লার সঙ্গে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা রহিম মোল্লার বিরোধ চলে আসছিল। এর জের ধরে দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র ও ককটেল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে প্রথমে গুলিবর্ষণের ঘটনা ঘটে। রাতের ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে হামলা-পাল্টা হামলা এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ চলে।
এতে গুলিবিদ্ধ হন দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষে আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ইউনিয়নের নোয়াদ্দা এলাকার একটি ড্রেজারের পাশে কয়েকজন যুবক দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় আওলাদ মোল্লার অনুসারীরা সেখানে অতর্কিত হামলা চালিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনার জের ধরে ইউনিয়নের অন্যান্য গ্রামেও সংঘাত ছড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধ দিদার ঢালী অভিযোগ করে বলেন, প্রবাসীদের অর্থায়নে অস্ত্র ও ককটেল কেনা হচ্ছে। বৃহস্পতিবার রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলা চলে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ ওঠে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বসতবাড়ির উঠান ও মাঠে গুলির খোসা এবং ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা যায়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব চলে আসছে। এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে, ফ্রান্সপ্রবাসী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।