ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদণ্ড
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরও দুজনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অনুমোদন ছাড়া ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের দায়ে আনারুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় মো. সোহাগ মিয়াকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
একই অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী রাসেল ও মহিদুল মিয়াকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাঁদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে ইউএনও সানজিদা রহমান বলেন, ‘ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন