রাজধানীতে ৩১ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২
রাজধানীর মিরপুরের শাহ আলী থানার রাসেল পার্ক এলাকা থেকে ৩১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১০ লাখ ৯৭ হাজার ৯৮০ টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাসেল পার্ক (চিলড্রেন পার্ক) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. নাসিম (৩০) ও মোছা. শিউলি আক্তার (২৭)।
এসআরবি-৪-এর প্রেস রিলিজে বলা হয়, অভিযানের সময় নাসিম ও শিউলির কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে শিউলি আক্তারকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে আরও ১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১০ লাখ ৯৭ হাজার ৯৮০ টাকা পাওয়া যায়। এ সময় শিউলির স্বামী মো. রিপন হাসান (৩৮) পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি-৪ জানায়, গ্রেপ্তার দুজন দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে মজুত করতেন। পরে শাহ আলী, পল্লবী, মিরপুর ও আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতেন বলে তাঁরা জানিয়েছেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।