১২ নভেম্বর ২০২৬, ১০:০৫

ছাত্রদল নেতাসহ ৩জনকে মারধরের অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে

আহত হওয়া ৩ জন  © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি ক্লিনিকে ঢুকে তিনজনকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্লিনিকের মালিকসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের এক নেতা। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মুরগীহাট এলাকার আনছার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আনছার ক্লিনিকের মালিক আলমগীর হোসেন, কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক এবং মাহাবুর রহমান। আহত প্রত্যেকের মাথায় তিন থেকে চারটি করে সেলাই দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মুরগীহাট এলাকায় জ্যোতি নামের এক যুবকের সঙ্গে তুহিন নামে আরেক যুবকের কথা-কাটাকাটি হয়। পরে ঘটনাস্থলেই বিষয়টি মীমাংসা হয়ে যায়। এ সময় ক্লিনিকের মালিক আলমগীর হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, ঘটনার কিছুক্ষণ পর সেখানে আসেন কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাস। তিনি ফোন করে কয়েকজনকে ঘটনাস্থলে আসতে বলেন। এর কিছুক্ষণ পর ক্লিনিকের কাছেই জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আবু তালিবের কার্যালয় থেকে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী লাঠি ও দা নিয়ে সেখানে আসেন। একপর্যায়ে তারা তিনজনকে মারধর ও কুপিয়ে আহত করেন।

এ সময় জামায়াতের দুই কর্মী এক ব্যক্তিকে ধাওয়া করে ক্লিনিকের ভেতরে প্রবেশ করেন এবং রোগীর সামনেই তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে ক্লিনিকে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তুহিন হোসেন নামে এক যুবক বলেন, রাতে কলেজপাড়া এলাকার জ্যোতি নামের এক ছেলের সঙ্গে চোখে চোখ পড়া নিয়ে তার কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে তিনি সেখান থেকে চলে যান। জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাদের কোনো কথাবার্তাও হয়নি। এরপর হঠাৎ করেই তারা এসে হামলা চালান।

আহত ক্লিনিকের মালিক আলমগীর হোসেন বলেন, তিনি ক্লিনিকের সামনের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হলে তিনি তাদের আলাদা করে দেন। পরে জামায়াতের নাজিম এসে ফোন করে কয়েকজনকে ডেকে আনেন এবং মারধর শুরু করেন। ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এ ছাড়া একজনকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন।

হাসপাতালে ভর্তি সিজারিয়ান রোগী মারুফা বেগম বলেন, তিন দিন আগে তার সিজারিয়ান অপারেশন হয়েছে। হঠাৎ রাতে দুইজন হাসপাতালে ঢুকে একজনকে মারধর শুরু করেন। এ সময় তার নবজাতক শিশুটিও চিৎকার শুরু করে।

এ বিষয়ে জানতে জামায়াত মনোনীত ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি বলেন, বাড়িতে মেহমান এসেছে, পরে কথা বলবেন। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আহত তিনজন থানায় এসেছিলেন। তারা এজাহার দিলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।