১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

প্রতীকী ছবি  © সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শামসুল আলম সবুজ (৪৫) নামে এক প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার একটি বাজারে নিজের স্টেশনারি দোকানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার বিকেলেও ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায় শিক্ষক শামসুল আলম সবুজের কাছে। সন্ধ্যা হয়ে গেলেও মেয়ে বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে বের হন তার মা। একপর্যায়ে সবুজের দোকানে গিয়ে সাটার নামানো দেখতে পান তিনি। পরে সাটার উঠিয়ে ভেতরে মেয়ের সঙ্গে ওই শিক্ষককে দেখতে পান।

এ সময় ছাত্রীর মায়ের চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ঘটনা জানার পর স্থানীয়রা ওই শিক্ষককে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামসুল আলম সবুজকে আটক করে থানায় নিয়ে যায়। শামসুল আলম সবুজ উপজেলার একটি বাজারে নিজের স্টেশনারি দোকানে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়াতেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ধর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামসুল আলম সবুজকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।