১২ নভেম্বর ২০২৬, ০৭:২৬

আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ

এসপি মো. জাহাঙ্গীর আলম  © সংগৃহীত

পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য আওয়ামী লীগের কাছে ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) উপ-অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্তও শুরু করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

রেঞ্জ পুলিশের একাধিক সূত্রের দাবি, গত মঙ্গলবার ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এ বিষয়ে এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের কিছু আলামত পাওয়ার পর তার ব্যবহৃত ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষার জন্য জব্দ করা হয়। এ ঘটনায় অভিযোগের তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘প্রশাসনিক কিছু বিষয়ে তাকে (জাহাঙ্গীর আলম) ডাকা হয়েছিল। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ পর্যায়ে বিস্তারিত বলা সমীচীন হবে না।’

অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, মোবাইল ফোন দুটি ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফোনে কোনো ধরনের বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।

রেঞ্জ পুলিশের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ফোন দুটি জব্দ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফ কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।