টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য মো. তিতাস শেখ হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যাকে (২০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী বাজার এলাকার জহির আহাম্মদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হোসেন মুছনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৫ নম্বর কক্ষের বাসিন্দা। তার বাবার নাম মৃত কামাল হোসেন এবং মায়ের নাম বেগম বাহার।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় সেনাসদস্য তিতাস শেখ হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে যৌথ গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।