৩৮৯ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার
রাজধানীর গেন্ডারিয়ায় ৩৮৯ পুরিয়া হেরোইনসহ মো. রাজু আহমেদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। মঙ্গলবার সন্ধ্যায় স্বামীবাগ কড়াইপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১০-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সদর কোম্পানির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রাজু আহমেদের কাছ থেকে ৩৮৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। তার কাছ থেকে মাদক বিক্রির ৫ হাজার ৬০০ টাকাও উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজু আহমেদের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার সুতিয়াখালী এলাকায়। তার বাবার নাম শহীদুল ইসলাম।
এসআরবি-১০-এর দাবি, রাজু দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য তাকে উদ্ধার করা মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।