পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে পেট্রল ঢেলে কার্যালয়ের সামনের অংশে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কার্যালয়ের সাইনবোর্ড ও থাইগ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গেল রাত ১২টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইন বোর্ডে আগুল জ্বালিয়ে দেয়। পরে অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময়ে অফিসের সামনের অংশে পেট্টোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোন কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে টিম গিয়ে তথ্য সংগ্রহ করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।