কনস্টেবল নিয়োগে ‘দালাল’, ধরিয়ে দিলেই পুরস্কার দেবে পুলিশ
শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে প্রতারক ও দালালচক্রের তৎপরতা ঠেকাতে বিশেষ সতর্কতা জারি করেছে জেলা পুলিশ। নিয়োগে অনিয়ম বা প্রতারণার সঙ্গে জড়িত দালালচক্রের সদস্যদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
আগামী ১৯ নভেম্বর থেকে শেরপুর পুলিশ লাইনসে টিআরসি পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে। এ নিয়োগে শতভাগ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিলসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগসংক্রান্ত বিষয়ে কোনো প্রতারক বা দালালচক্রের সদস্য কিংবা পুলিশের কোনো সদস্য প্রলোভন দেখালে তা পুলিশ কন্ট্রোল রুম, শেরপুরকে অবহিত করতে হবে। এ জন্য ০১৩২০-১০৭০৯৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, কোনো ব্যক্তি দালাল বা প্রতারকচক্রের সদস্যদের ধরিয়ে দিতে সহযোগিতা করলে পুলিশ সুপার, শেরপুরের পক্ষ থেকে তাঁকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে নিয়োগপ্রত্যাশীদের কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালালের প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে পুলিশ।