যুবককে ভ্যান থেকে নামিয়ে কুপিয়ে ছিনতাই দেখছিলেন সবাই, এগিয়ে আসেননি কেউ—ভিডিও ভাইরাল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ডেলিভারি ভ্যান থেমে থেমে এগোচ্ছিল। এ সময় তিন যুবক ভ্যানটির চালকের কাছে গিয়ে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাঁধা দেওয়ায় অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় পাশ দিয়ে কয়েকজন পথচারী গেলেও তাদের কোনো প্রতিবাদ করতে দেখা যায় না।
গতকাল সোমবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর তারাগাছ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আল মামুন নামের ওই যুবককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছড়িয়ে পড়ার ১ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ডেলিভারি ভ্যানের চালকের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। চালক বাধা দিলে তাকে টেনেহিঁচড়ে সড়কে ফেলে দেওয়া হয়। এরপর চাপাতি দিয়ে ভয় দেখিয়ে পকেট থেকে তার মুঠোফোন ছিনিয়ে নেন। পরে একটি অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।
ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার সময় সড়কে অনেক পথচারী চলাচল করছিলেন। কাছেই একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকেও দেখা যায়। দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয় লোকজন আল মামুনকে উদ্ধার করে তারাগাছ এলাকার তাইরুননেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল বলেন, তাদের সংগঠনের কর্মীরাই পরে আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তারা তার খোঁজখবর রাখছেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।