১০ নভেম্বর ২০২৬, ১২:২৭

লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. দিপু (৪০) ও মো. ফারুক (৪৮)।  © সংগৃহীত

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিপু (৪০) ও মো. ফারুক (৪৮)। দিপু যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন। ফারুক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।