গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা ভবনসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
নিষিদ্ধ সংগঠন ছা্ত্রলীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে গোপালগঞ্জ শহরের কয়েকটি স্থানের পাশাপাশি কোটালীপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা ভবনের পাশেও এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিসের দেয়ালসংলগ্ন এলাকা এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, রাত সোয়া ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরিত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পর মুক্তিযোদ্ধা ভবনের পেছনে অবস্থিত ক্যাফে একাত্তরের জেনারেটরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, জেনারেটর অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জেনারেটরে আগুন লাগার সঙ্গে ককটেল বিস্ফোরণের কোনো যোগসূত্র নেই বলেও জানান তিনি।
এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে পুলিশের টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করার বা মামলা হওয়ার তথ্য পাওয়া যায়নি।