ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।
আটক রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত কফিরউদ্দিন প্রামানিক। তিনি ঢাকার ফকিরাপুল এলাকায় বসবাস করেন। সোহেল রানার স্থায়ী ঠিকানা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের খুটিপাড়া গ্রামে। তার বাবার নাম মো. ইদ্রিস আলী। অন্যদিকে নাজমুস সাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের নিজামুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্যের বাসভবন-সংলগ্ন ভিসি চত্বর, নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এবং শাহবাগ মোড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মধ্যে নীলক্ষেত এলাকায় একটি, সিনেট ভবনের সামনে একটি, টিএসসিতে দুটি এবং শাহবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর পথে উপস্থিত লোকজন তাদের আটক করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় কেউ গুরুতর আহত হননি। ঘটনার বিস্তারিত জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।