০৮ নভেম্বর ২০২৬, ১৩:৫০

ফটিকছড়িতে হ্যান্ডকাফসহ পালান মাদক কারবারি, অতঃপর...

ফটিকছড়ি থানা  © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে যান ইয়াসিন নামে এক মাদক কারবারি। তবে পালিয়ে যাওয়ার পর তাঁকে আবারও আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাট-সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ মাদক কারবারি ইয়াসিনকে আটক করেন পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাঁকে ফাঁড়িতে নিয়ে যাওয়ার সময় প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাইরে বের হন তিনি। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যান ইয়াসিন। এ ঘটনায় ফাঁড়ির পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাঁকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ। সবশেষে রাত ৮টার দিকে পুলিশ ইয়াসিনকে আবার গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মদসহ একজন আসামিকে আটক করা হয়েছিল। প্রস্রাব করার কথা বলে তিনি পালিয়ে যান। পরে তাকে আবারও আটক করা হয়েছে।