০৮ নভেম্বর ২০২৬, ১৩:২৯

পাহাড়ি ঝিরিতে ভাসছিল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান সদর উপজেলার কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরিতে মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।  © সংগৃহীত

বান্দরবান সদর উপজেলার কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে মো. শরিফ (৩৫) নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন ঝিরিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশ ও তাঁর পরিবারকে খবর দেন। তবে তাঁর মৃত্যু হত্যা, নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহত শরিফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ভাণ্ডারীপাড়ার বাসিন্দা মো. জহির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কসাইপাড়া সংলগ্ন পাহাড়ি ঝিরিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা নিহতের পরিবার ও বান্দরবান সদর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।