চাঁদপুরে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩
চাঁদপুর বড় স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মে এক নারীর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটে চাঁদপুর রেলওয়ে থানাধীন বড় স্টেশনের প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফাতেমা আক্তার নামে ফরিদগঞ্জের এক নারী চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এলে ছিনতাইকারীরা তার কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় তার ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন।
ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) ও রাব্বি হোসেন (২৪)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ৭ নভেম্বর ভোর ৪টা ১০ মিনিটে কিশোরগঞ্জ জেলার সদর থানার মাইজকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামে আসামির বোনের শ্বশুরবাড়ি থেকে জাহিদ ওরফে গরু জাহিদ (২১) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ছিনতাই করা ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পল্টুনের সুড়ঙ্গের ভেতর থেকে ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে সাতটি চেইন, পাঁচটি আংটি, চার জোড়া কানের দুল, দুটি রুলি, একটি গলার হার ও একটি ব্রেসলেট।
ডিবি পুলিশের দাবি, এ ঘটনায় জড়িত কোনো আসামি পলাতক নেই। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ডিবির এসআই জিয়াউল হক জিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে এএসআই জহির উদ্দিনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।