এক রাতে রাজধানীর ৬ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় এক রাতেই ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত যাত্রাবাড়ী, মহাখালী, বনানী, সাভার, পল্লবী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং দুটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গার্ড রুমের কাচ ভেঙে যায়। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ সংগ্রহ করে। এ সময় সেখানে আরও একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। সেটি নিষ্ক্রিয় করতে পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম চলছিল।
শনিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে সেতু ভবনের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে উপজেলা পরিষদের গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যায় সড়কে বিকট শব্দ শুনে তিনি সেখানে যান। পরে জানতে পারেন, ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা কোনো পথচারী বলতে পারেননি।
রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গেন্ডা বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিস্তারিত তখনো জানা যায়নি।
এদিকে রাত সোয়া ১০টার দিকে রাজধানীর পল্লবী থানার মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। পল্লবী থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রেজওয়ান জানান, মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের হেলপার ও চালক আগুন নিভিয়ে ফেলেন।
রাত ১২টা ৫৭ মিনিটের দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ প্রান্তে সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এ ঘটনায় পাওয়া ভিডিওতে হেলমেট পরা এক ব্যক্তিকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।
অন্যদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে শনিবার দিবাগত রাত ১২টা ৩৪ মিনিটের দিকে। পকেট গেটে দায়িত্বে থাকা এক আনসার সদস্য জানান, ক্যাম্পাসের বাইরে থেকে ককটেলগুলো ভেতরে ছুড়ে মারা হয়। পরে সেগুলো পকেট গেটের ভেতরে মসজিদ-সংলগ্ন এলাকায় বিস্ফোরিত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছেছে। শিক্ষার্থীদের ভয়ভীতি পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।