নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে নিউ গিনি প্রপার্টিজের ভেতরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ পুরুষ ও চার নারীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল নিউ গিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে। সেখানে তারা ভাঙচুর ও মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন সংঘর্ষে গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক বিরোধকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।