০৭ নভেম্বর ২০২৬, ২১:৪২

রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা

সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত  © সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় আবাসন প্রকল্প নিউগিনি প্রপার্টিজে আবারও হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে শতাধিক ব্যক্তি সেখানে হামলা চালান। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জমির মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ মারামারির ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) আল আমিন বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা নিউগিনি প্রপার্টিজে যাই। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’ তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা কারা, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই সময় হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও, আবাসন প্রকল্পের কার্যালয় এবং কয়েকটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। পরে সালমান মুক্তাদির ফেসবুকে লাইভে এসে হামলার ঘটনা তুলে ধরলে বিষয়টি আলোচনায় আসে।

তখন পুলিশ জানিয়েছিল, আবাসন প্রকল্পের জমি ও জমিতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে। এ ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়।