গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে রুমা আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মানিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার স্থানীয় বাসিন্দা বাহাদুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে স্বামী মানিক তাঁর স্ত্রী রুমা আক্তারকে মারধর করেন বলে অভিযোগ উঠে। এতে গুরুতর আহত হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয় বলে প্রাধমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।