০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২

মাছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে মামলা

ছাত্রদলের ৩ নেতা  © সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মাছবোঝাই একটি মিনি ট্রাক আটকে মাছ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা-রাতে কুলাউড়া-মৌলভীবাজার মহাসড়কের কাদিপুর ইউনিয়নের কৌলা এলাকায় মেঘনা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, মাছবোঝাই একটি মিনি ট্রাক কুলাউড়া হয়ে মৌলভীবাজার যাচ্ছিল। ট্রাকটি কৌলা এলাকায় মেঘনা ব্রিক ফিল্ডের সামনে পৌঁছালে লাল রঙের একটি পালসার মোটরসাইকেলে করে তিন যুবক এসে সেটির গতিরোধ করেন। পরে তারা গাড়ির চালক কামরান হোসেনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আঘাতের হুমকি দেন। এ সময় তার সঙ্গী তারেক আহমদের কাছে থাকা নগদ ১২ হাজার টাকা এবং গাড়িতে থাকা শোল মাছগুলো নিয়ে যান তারা।

ঘটনার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ দেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারই গ্রামের আলী হোসেনের ছেলে কামরান হোসেন।

মামলায় অভিযুক্ত তিনজন হলেন—কুলাউড়া উপজেলার মনসুর এলাকার ইসরাইল বক্স প্রকাশ বদউল্লার ছেলে এবং কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমান উদ্দিন রাজ, আব্দুর রহিমের ছেলে এবং কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান খান এবং নিয়ামত মিয়ার ছেলে ও কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন আরিয়ান খান। এ ছাড়া অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।