০২ নভেম্বর ২০২৬, ১৮:৪৩

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১

যশোর শহরের বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে  © টিডিসি ফটো

যশোর শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) দিবাগত গভীর রাতে গরিব শাহ মাজারের সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। 

এর আগে একই রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে স্বাগত জানিয়ে মশাল মিছিল করেন নিষিদ্ধ যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের অনুসারীরা। তিনি নিজেও তার ফেরিফাইড ফেসবুকে মশাল মিছিলের একটি ভিডিও শেয়ার করেছেন। এসব ঘটনায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের একটি দল জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে নিচ থেকে প্রায় ছয়-সাত ফুট পর্যন্ত কালো দাগ রয়েছে। তবে স্মৃতিস্তম্ভটি অক্ষত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়ার যে দাবি করা হয়েছে, তা সঠিক নয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে গভীর রাতে তিন যুবককে স্মৃতিস্তম্ভের সামনে যেতে দেখা যায়। তাদের দুজন পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ দিয়ে স্মৃতিস্তম্ভের নিচে আগুন ধরান। অন্যজন ঘটনাটি ভিডিও করেন।

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, নিষিদ্ধ ছাত্রলীগের সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রবিউল ইসলামসহ কয়েকজন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে আগুন দেওয়ার দৃশ্য প্রচার করেছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, ‘রবিবার খুব সকালে যশোর শহরে ঝটিকা মিছিল হয়েছে। আর গভীর রাতে কে বা কারা স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর চেষ্টা করেছে। পুলিশ ঘটনাটি অনুসন্ধান করে দুর্বৃত্তদের আটকের চেষ্টা করছে। জেলার নয়টি থানা ও ডিবি পুলিশের অভিযানে নাশকতার অভিযোগে মোট ৪১ জনকে আটক করা হয়েছে।’