ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
এর আগে শনিবার রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গত ৩১ অক্টোবর ফেসবুকে তিনি আওয়ামী লীগের ঢাকা দখল সংক্রান্ত একটি পোস্ট দেন।
পুলিশ জানায়, আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাকে হেফাজতে নিয়ে থানায় আনা হয়। আসাদ মোল্লা উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।
এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, আসাদ মোল্লার বিরুদ্ধে পুরোনো একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।