৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৭

গভীর রাতে ধানক্ষেতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা আটক

হাজী মজনু সরকার  © সংগৃহীত

ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে শেষ রক্ষা হলো না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারের (৪৬)। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ধানক্ষেত থেকে তাকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

আটক মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের পাশাপাশি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মজনু সরকার সীমান্ত এলাকার একটি ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে তাকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।