ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী গ্রেপ্তার
ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার কথিত জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে কথিত জাল নোটের পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) রাতে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় মো. কাওসার খানের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই বসতঘর থেকে হাসি আক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. কাওসার খানের স্ত্রী। অভিযানে ৫০০ টাকার ৯২টি ও ১ হাজার টাকার একটি কথিত জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ৪৭ হাজার টাকা। এ ছাড়া একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে হাসি আক্তার, পলাতক মো. কাওসার খান (৩৫) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫এ(বি)/২৫ডি ধারায় মামলা করেছেন।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক নারীকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।