২৮ অক্টোবর ২০২৬, ১৮:০৬

চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারীকে রাজধানী থেকে উদ্ধার

১২ নারীকে রাজধানী থেকে উদ্ধার করেছে এসআরবি  © সংগৃহীত

চীনে পাচার করার উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারীকে রাজধানী থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে আসা হয়েছিল। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের একটি বাসায় জোরপূর্বক আটকে রাখা হয়। এ সময় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) উত্তরার এসআরবি-১ সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এসআরবি জানায়, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানা থেকে নিখোঁজ ভিকটিম উদ্ধারের আবেদন পায় এসআরবি-১, উত্তরা। এর পরিপ্রেক্ষিতে একই দিন আনুমানিক বিকেল ৩টায় এসআরবি-১-এর সিপিসি-২ ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া ওই দুই নারীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৮টা থেকে ২৭ অক্টোবর রাত ১টা পর্যন্ত ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরও ১০ নারীকে উদ্ধার করা হয়। সব মিলিয়ে রাজধানী থেকে ১২ নারীকে উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া নারীরা জানান, তাদের চীনে নিয়ে যাওয়ার পাশাপাশি উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়েছিল। পরে কোনো বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই অসৎ উদ্দেশ্যে বিদেশে পাচারের জন্য তাদের জোরপূর্বক একটি বাসায় আটকে রাখা হয়। এ সময় তাদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পাশাপাশি নানা অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয় বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এসআরবি জানায়, উদ্ধার হওয়া ১২ নারীকে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।