২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩

সেলুন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিল জনতা

অভিযুক্ত সাদ্দাম হোসেন  © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষিকে (৪৩) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে হত্যাকাণ্ডের পর পালিয়ে গেলে দক্ষিণ হবিরবাড়ী এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে হত্যা কান্ডের পরপরই সাদ্দাম পালিয়ে দক্ষিণ হবিরবাড়ী এলাকায় চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড়ে নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রবীন্দ্র ঋষি ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় ভাড়া বাসায় থেকে সেলুনের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে তিনি পালিয়ে পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানে তাকে আবারও ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাকে ফের ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সূচিত্রার অভিযোগ, সাদ্দাম প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন এবং সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। সম্প্রতি টাকা না দেওয়া ও চুল কেটে না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

নিহতের পরিবারের আরও অভিযোগ, প্রায় তিন মাস আগে রবীন্দ্রের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে স্থানীয়ভাবে সালিস হয়েছিল। এসব বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা পরিবারের।

অতিরিক্ত পুলিশ সুপার  (গফরগাঁও সার্কেল) মনোতোষ সাহা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন