২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯

খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই

প্রতীকী ছবি  © এআই

খুলনার নিরালা আবাসিক এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে এক যুবকের টাকার ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর ১৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক সালমান (২৩) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সালমান নগরীর ১৬ নম্বর রোডের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ‘ক্যামেল’ সিগারেট কোম্পানির কর্মচারী হিসেবে কাজ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সালমান ১৭ নম্বর রোডে কোম্পানির কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে আসে। তারা সালমানকে লক্ষ্য করে গুলি ছুড়ে আহত করে এবং তার সঙ্গে থাকা নগদ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সালমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, কী কারণে বা কী উদ্দেশ্যে সালমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।