গাজীপুরে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ হাসমত উল্লাহ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তার সহযোগী নয়ন মিয়া (২৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে রনি পাঠান ও নয়ন মিয়াকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আজ নোটিশ দেবে না বোর্ড, প্রধানমন্ত্রীও রাষ্ট্রীয় সফরে, ২৯ অক্টোবর কি এইচএসসির ফল হচ্ছে?
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অন্য কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।