শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানিয়েছে পুলিশ
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষককে থাপ্পড় দেওয়া শাহজালাল রুমিকে গ্রেপ্তারে পুলিশ কোনো অভিযান চালায়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে পুলিশকে কোনো পরামর্শ দেওয়া হয়নি।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আমি কথা বলেছি। টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেফতার করার কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি। সরকারের পক্ষ থেকেও গ্রেফতারের কোনো পরামর্শ পুলিশকে দেওয়া হয়নি। কতিপয় মিডিয়াতে শাহজালাল রুমির গ্রেফতারের অভিযানের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।’
এর আগে টঙ্গীর ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মোসলেম আহম্মদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।