পটুয়াখালীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
পটুয়াখালীর গলাচিপায় বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে চার জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আটক অপরজন নাবালক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রতনদী তালতলী ইউনিয়ন-সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে তাদের গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে মো. বাহাদুর হোসাইন (৩০), মো. মতি খলিফার ছেলে মো. আলাউদ্দিন (৩২) ও ইসাহাক হাওলাদারের ছেলে মো. সোহাগ (৩২)।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বুড়াগৌরাঙ্গ নদীতে ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, গত ১৭ দিনে ৬২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৫১ লাখ ৩০ হাজার টাকার অর্থাৎ ৩ লাখ ২৫৫ মিটার জাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩৩টি মামলায় ২৮ জনকে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৩০১ মেট্রিক টন ইলিশ উদ্ধার করা হয়েছে।