২৪ অক্টোবর ২০২৬, ১২:১৫

এসআরবি-১৩-এর অভিযান: ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা  © সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। অভিযানে ১ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ১১ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল পিকেড্রিল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে রংপুরের বদরগঞ্জ থানার গোপীনাথপুর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ২৯৮ পিস ইয়াবা ও ১১ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোটরসাইকেলচালক মো. খাদেমুল ইসলাম ওরফে রিপনকে (৪৯) গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। রিপন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গুলশান নগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

অন্যদিকে শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল। গ্রামের বাসিন্দা মো. বেল্লাল হোসেনের বাড়িতে পরিচালিত এ অভিযানে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ও দুই বোতল পিকেড্রিল উদ্ধার করা হয়। এ সময় বেল্লাল হোসেন (২৮) ও তার স্ত্রী মোছা. নাজমিন নেহার নিশিকে (২৬) গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের এবং উদ্ধার করা আলামত হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।