২৩ অক্টোবর ২০২৬, ১৯:০৫

হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া খেয়ে গ্রেপ্তার নেতা

হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মিছিল  © সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে বরগুনার বামনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ধাওয়ার পর রাফান জোমাদ্দার আকাশ নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা-পাথরঘাটা সড়কের সোনাখালী এলাকায় এ মিছিল বের করেন বামনা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীদের হাতে একটি ব্যানার দেখা যায়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।