মাইকিং করে হাসিনার ফেরার ‘সুখবর’ দিয়ে গ্রেপ্তার ২
নওগাঁর মান্দায় ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরে ঘুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ‘সুখবর’ দিয়ে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা। একইসঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন—মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরজন হলেন আব্দুল জলিল সরকার (৫০)। তিনি নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে এবং মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রকাশ্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন।
মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারককে বলতে শোনা যায়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে মাইকিং শেষ করা হয়।
বিষয়টি পুলিশের নজরে এলে তৎক্ষণাৎ অনুসন্ধান শুরু হয়। এর ধারাবাহিকতায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের অভিযোগে গত রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে পুলিশ সুপার বলেন, উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ওই ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে জেলা পুলিশ কাজ শুরু করে। এবং তারই ধারাবাহিকতায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গতকাল রাতেই দুজন ফ্যাসিস্ট নেতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে মাইকিংয়ে ব্যবহৃত অটো রিকশাটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ বিষয়টি জানেন মর্মে পুলিশের কাছে স্বীকার করেছেন।