২২ অক্টোবর ২০২৬, ১৭:৫০

সুপারিবাগানে পড়ে ছিল যুবকের মরদেহ

দৌলতখান থানা  © সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলায় মসজিদের পাশের একটি সুপারিবাগান থেকে রাকিব (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফজরের নামাজের সময় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিদারুল্লাহ এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয় মুসল্লিরা। তার মৃত্যুর কারণ জানা যায়নি; ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

নিহত রাকিব ওই এলাকার আজগর বাড়ির নুরনবী আজগরের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, ফজরের নামাজের সময় মসজিদের পাশের একটি সুপারি বাগানে রাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন মুসল্লিরা। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মরদেহের পাশে একটি সুপারির ছড়া পড়ে ছিল। রাকিবের পায়ে সুপারিগাছে ওঠার দাগ রয়েছে বলেও তারা জানান। এ ছাড়া মরদেহের কাছাকাছি মসজিদের ওয়াশরুমের একটি বৈদ্যুতিক তার ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তার ব্যবহৃত মোবাইল ফোনটি কিছুটা দূরে একটি নির্মাণাধীন দেয়ালের ওপর অক্ষত অবস্থায় পাওয়া যায়। এসব বিষয় ঘিরে তার মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়ভাবে রাকিবের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ও গুঞ্জন রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুর সঙ্গে এসব অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।

নিহতের বাবা নুরনবী আজগর বলেন, ‘আমার ছেলে সকালে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়েছিল। পরে আমরা খবর পেয়ে মসজিদের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখি। আমাদের কারও ওপর কোনো সন্দেহ নেই।’

খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর উপপরিদর্শক (এসআই) জিয়াউদ্দিন আহমেদ ও তদন্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও ঘটনাস্থলের আলামত সংগ্রহের কার্যক্রম চলছে।

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।