ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট
ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় ওই শিক্ষকের ৭২ বছর বয়সী বাবা মোহাম্মদ আলীকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ডাকাতরা। আহত অবস্থায় তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি ৯ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ডাকাতির সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে তাঁর বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন ছিলেন।
সামিউল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তাঁর বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতরা।
ডাকাত দলের সদস্যসংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি সামিউল। তিনি জানান, মাথায় আঘাত পেয়ে তাঁর বাবা রক্তাক্ত হন। ঘটনার পর থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। এ ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন এবং অসুস্থ বোধ করেন।
সামিউল ইসলাম বলেন, ‘ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৮ থেকে ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। আমার বাবাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটু সুস্থ হলেই থানায় অভিযোগ দেওয়া হবে।’
এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’