২১ অক্টোবর ২০২৬, ১২:০৭

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এবার গ্রেপ্তার বিএআরসির কর্মকর্তা

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকির  © সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক কর্মকর্তা গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরে রাজৈর থানা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

প্রশ্নফাঁসের ঘটনায় সোহাগ ফকিরের সম্পৃক্ততা খতিয়ে দেখছে তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।